বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে অনুরোধ জানিয়েছেন । ড. ইউনূস সেই অনুরোধে সাড়া দিয়েছেন বলে নিশ্চিত করেছেন তার মুখপাত্র। তবে ৮৪ বছর বয়সী এ অর্থনীতিবিদ এই মুহূর্তে দেশে নেই।
জানা গেছে, অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ড. ইউনূস। তিনি এখনো ফ্রান্সের রাজধানীতেই অবস্থান করছেন।
মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূস প্যারিসে ‘ছোটখাটো চিকিৎসা’ শেষ হলেই ‘তাৎক্ষণিকভাবে’ দেশে ফিরে আসবেন ।
এর আগে, নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। মঙ্গলবার (৬ আগস্ট) ভোর ৪টার পর ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান।