আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ড আন্ডারপাসের ওপর স্থাপিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মনোহরদী পৌরসভার মেয়র প্রার্থী ও মনোহরদী পৌর জামায়াতের আমির মোঃ আসাদুজ্জামান নূরের ‘মেয়র পদে’ দোয়া ও সমর্থন প্রত্যাশী ব্যানারের ওপর পৌর বিএনপির শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সৌজন্যে যৌথ ব্যানার স্থাপন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দের দাবি, বিএনপির পৌর শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ ঈদ শুভেচ্ছা ব্যানারটি তাদের মেয়র প্রার্থীর ব্যানারের ওপর স্থাপন করায় পূর্বের ব্যানারটি আংশিকভাবে আড়াল হয়ে যায়।
এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের একাধিকবার অবহিত করা হয়েছে বলে জানিয়েছে জামায়াতের স্থানীয় নেতারা। তাদের দাবি, বিষয়টি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও ব্যানারটি অপসারণ কিংবা প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এ বিষয়ে এক বিবৃতিতে জামায়াত নেতারা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিযোগিতা স্বাভাবিক হলেও পারস্পরিক সম্মান, সহনশীলতা এবং রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা জরুরি। অন্য কোনো রাজনৈতিক দলের বৈধ প্রচারণা কার্যক্রমকে আড়াল করে নিজস্ব প্রচারণা পরিচালনা করা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তারা আরও বলেন, রাজনৈতিক সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। একই সঙ্গে বিষয়টির দ্রুত ও সৌহার্দ্যপূর্ণ সমাধান কামনা করেন তারা।