মো: রাশেদুল্লাহ আলমদার, পটিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়কের পাশে পশু জবাইয়ের কারনে পরিবেশ দূষিত হচ্ছে। পশুর রক্ত ও মল-মূত্রের গন্ধে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছে গাড়ির জন্য অপেক্ষমান চট্টগ্রাম শহরমুখী পটিয়ার যাত্রীরা। পটিয়া পৌরসদরের বাইপাসের গোল চত্বরের রাস্তার পাশে পশ্চিম পাশে প্রকাশ্যে জবাইকৃত গরুর রক্ত পড়ে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পটিয়া পৌর কর্তৃপক্ষ পটিয়া সদরের ইন্দ্রপুলের উত্তর পাশে পশু জবাই করার নির্দিষ্ট জায়গা করে দিলেও সেখানে পশু জবাই না করে প্রকাশ্যে রাস্তার পাশে জবাই করছে পটিয়ার মুন্সেফ বাজারের কিছু ব্যবসায়ী।
জানা গেছে, পশু জবাই করার জন্য পটিয়া পৌর কর্তৃপক্ষ ইন্দ্রপুলের উত্তর পাশে নিদিষ্ট স্থান করে দিয়েছিল। কিন্তু নিদিষ্ট স্থানে পশু জবাই না করে বর্তমানে বাইপাসের গোল চত্বরের পশ্চিম পাশে পশু জবাই করছে।
স্থানীয় ব্যবসায়ী বখতিয়ার হোসেন বাবু বলেন-গরু, ছাগল, মহিষ, ভেড়া বাণিজ্যিকভাবে বিক্রির জন্য গবাদি পশু জবাই আইন রয়েছে। আইন অমান্য করে পটিয়া মুন্সেফ বাজারের কিছু ব্যবসায়ী নির্দিষ্ট স্থানে পশু জবাই না করে রাস্তার পাশে পশু জবাই শুরু করছেন। এ কারনে পরিবেশ দূষিত হচ্ছে।
তবে পটিয়া মুন্সেফ বাজারের গরু মাংস বিক্রেতা মোহাম্মদ রফিক জানিয়েছেন, গরু, মহিষ জবাই করার জন্য পৌর কর্তৃপক্ষ নির্ধারিত স্থান ঠিক করে দিলেও তা অন্যজনে অবৈধভাবে দখল করে রেখেছে। যার কারনে তারা রাস্তার পাশে পশু জবাই করে মুন্সেফ বাজারে মাংস বিক্রি করছেন।