মোহাঃরকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের নবনির্বাচিত সভাপতি মোঃ একরামুল হককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড-এর পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে সোমবার বিকেল ৪টায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বন্দরের উন্নয়ন, ব্যবসার প্রসার এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব একরামুল হক।
নবনির্বাচিত সভাপতি মোঃ একরামুল হক বলেন, বন্দরের উন্নয়নে অহেতুক ১০০টি অভিযোগ তোলার চেয়ে ২-৩টি সুনির্দিষ্ট সমস্যা চিহ্নিত করুন। আমরা পানামা কর্তৃপক্ষের সাথেও বৈঠক করব এবং যৌথভাবে সমাধান খুঁজব। আমি কোনো অন্যায় বা অনৈতিক উপায়ে কাজ করব না। ব্যবসার গতি কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে আপনাদের পরামর্শ চাই।
তিনি আরও বলেন, গত মিটিংয়ে বলা হয়েছিল, তারা পানামাকে রক্ষা করছে। কিন্তু প্রশ্ন হলো, আসলে কে পানামাকে রক্ষা করছে? আমরা ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষার পক্ষে কাজ করব।
সভায় আমদানি-রপ্তানি কার্যক্রমের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ফলসহ যেসব পণ্য বর্তমানে বন্দরে আটকে আছে, সেগুলো দ্রুত খোলার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন নবনির্বাচিত সভাপতি।
সভায় উপস্থিত ছিলেন:
সহ-সভাপতি: মোহাঃ আরিফ উদ্দিন (ইতি)
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা: মোহাঃ নুর আমিন (সহ নবনির্বাচিত সদস্য)
স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক: আলিমুল জামান (বকুল)
পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড-এর ম্যানেজার
অনুষ্ঠানে সোনামসজিদ স্থলবন্দরের ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারক, শ্রমিক প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত সভাপতি ও অন্যান্য সদস্যদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানানো হয়।