৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

মালদ্বীপে কাগজপত্রহীন বাংলাদেশিদের বৈধতা প্রদান নিয়ে প্রধান উপদেষ্টার অনুরোধ

মালদ্বীপে বসবাসরত কাগজপত্রহীন বাংলাদেশিদের বৈধ করার এবং বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগের জন্য সে দেশের সরকারকে বিবেচনার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই অনুরোধ জানান।

মালদ্বীপে মূলত পর্যটন ও মৎস্য শিল্পে প্রবাসী বাংলাদেশিরা কাজ করছেন এবং উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি চিকিৎসকও সেখানে কর্মরত আছেন হাইকমিশনার প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, মালদ্বীপের শিক্ষার্থীরা বর্তমানে বাংলাদেশে বিশেষ করে চিকিৎসা শিক্ষা গ্রহণ করছে।

প্রধান উপদেষ্টা বলেন, “মালদ্বীপ থেকে আরও শিক্ষার্থীকে স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তুত।” এছাড়া, হাইকমিশনার শিউনিন রশিদ জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে বাংলাদেশ থেকে মালদ্বীপে ওষুধের আমদানি বেড়েছে এবং দুদেশের সহযোগিতা আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, কিছু বাংলাদেশি কোম্পানি মালদ্বীপে ব্যবসা শুরু করেছে এবং গত বছরে মালদ্বীপে বাংলাদেশি পর্যটকের সংখ্যা ১৭.৫% বৃদ্ধি পেয়েছে। হাইকমিশনার জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে প্রধান উপদেষ্টার ভূমিকার প্রশংসা করে বলেন, “মালদ্বীপ বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা অব্যাহত রাখবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top