২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রোয়াংছড়িতে জেএসএস (মূল) সদস্যদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় জেএসএস (মূল)–এর সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুরং বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযান চলাকালে টহল দল অবৈধভাবে চাঁদা আদায়ের সময় একদল সশস্ত্র ব্যক্তিকে শনাক্ত করে। এ সময় সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে সেনা টহল দলের ওপর গুলি ছোড়া হয়। পরিস্থিতির প্রেক্ষিতে সেনাসদস্যরা পাল্টা ব্যবস্থা নিয়ে ধাওয়া করেন।

এক পর্যায়ে সশস্ত্র ব্যক্তিরা একটি স্কুল ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করে বলে জানানো হয়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ইউনিফর্ম পরিহিত হ্লামংনু মার্মা নামের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে অস্ত্র ও গোলাবারুদসহ উদ্ধার করে চিকিৎসার জন্য পুলিশের সহায়তায় বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), ১৪৩ রাউন্ড এসএমজি গুলি, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ৫ রাউন্ড ব্ল্যাঙ্ক অ্যামোনিশন, দুটি অস্ত্রের ম্যাগাজিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রামে সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top