প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

নিজস্ব প্রতিনিধি:

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থী, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

মন্ত্রণালয় জানায়, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত এসব প্রতিযোগিতায় দেশের প্রায় ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়।

বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে নির্বাচিত সেরা শিক্ষার্থীদের হাতে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ তুলে দেওয়া হয়।

এ ছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও সম্মাননা দেওয়া হয়। ব্যক্তিপর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠানপর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত সেরাদের পুরস্কৃত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন।

এ সময় ৬৪ জেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রমের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ, উন্নয়নমূলক কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। বিভিন্ন জেলার স্টলে ‘স্কুল ফিডিং’, ‘আনন্দময় শিক্ষা’, ‘ডিজিটাল শিক্ষা’ এবং ‘ফাউন্ডেশনাল লার্নিং’-সহ নানা কার্যক্রম প্রদর্শন করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top