নিজস্ব প্রতিনিধি:
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের লাঠিচার্জে কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। সেখানে তিন দফা দাবি ঘোষণা করার পর তারা মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের দিকে অগ্রসর হন।
সংসদ ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবরোধ চলাকালে পুলিশ শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। তবে তারা অবস্থান অব্যাহত রাখলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন। তাদের দাবি, সাম্প্রতিক পরীক্ষা-সংক্রান্ত সিদ্ধান্তে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন এবং এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।
পরে পুলিশ সংসদ ভবনের সামনের এলাকা থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিলে তারা আসাদগেট (আড়ং মোড়) এলাকায় গিয়ে অবস্থান নেন। এ সময় উত্তেজিত কয়েকজন শিক্ষার্থী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পাল্টা ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে এবং মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।