নিজস্ব প্রতিনিধি:
সারাদেশে টানা বৃষ্টিপাত, বন্যা ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তার পদত্যাগের দাবিতে রাজধানীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে পরীক্ষার্থীদের নিয়ে তার একটি মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শিক্ষামন্ত্রীর ওই মন্তব্যের সমালোচনা করেন।
পোস্টে তিনি লেখেন, ‘১৭ বছরের ফার্মের মুরগিদের খাঁচা থেকে বের করে মুক্তির স্বাদ দেওয়া শিক্ষার্থীদেরই বলা হচ্ছে ফার্মের মুরগি!’
শিক্ষামন্ত্রীর উদ্দেশে তিনি আরও লেখেন, ‘যাদের ফার্মের মুরগি বলছেন, তাদের বন্ধুরা শহীদ হয়েছেন বলেই আপনি আজ শিক্ষামন্ত্রীর দায়িত্বে আছেন।’
এর আগে সোমবার রাতে এক এইচএসসি পরীক্ষার্থীর সঙ্গে শিক্ষামন্ত্রীর মোবাইল ফোনে কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে পরীক্ষার্থীদের প্রসঙ্গে তাকে বলতে শোনা যায়, ‘ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে।’ এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এদিকে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহও শিক্ষামন্ত্রীর সমালোচনা করেন।
তিনি বলেন, ‘এই ফার্মের মুরগিরাই একসময় রাজপথে নেমেছিল বলেই আপনি আজ মন্ত্রী হয়েছেন। সেই আন্দোলনের কারণেই শিলং থেকে সংবিধান বিশেষজ্ঞ আনার সুযোগ তৈরি হয়েছে।’
শিক্ষামন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।