বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান রিজভীর

নিজস্ব প্রতিনিধি:

বন্যার পানি না কমা পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে কয়েকদিনের জন্য পরীক্ষা পিছিয়ে দিলে বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি হবে না।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত বাহারছড়া ইউনিয়নের দুর্গম এলাকায় ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বন্যাকবলিত এলাকার মানুষ বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া হলে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে—সেই প্রশ্নও তোলেন তিনি।

তিনি আরও বলেন, কয়েকদিন পরীক্ষা স্থগিত রাখলে শিক্ষাব্যবস্থায় বড় কোনো ক্ষতি হবে না। তাই সার্বিক পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখার আহ্বান জানান।

বন্যাদুর্গত মানুষের সহায়তায় সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়ে রিজভী বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগেই ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘব করা সম্ভব।

তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, কৃষিজমি ও গবাদিপশুর ক্ষতি কাটিয়ে উঠতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

এর আগে রুহুল কবির রিজভী বাঁশখালীর বিভিন্ন এলাকায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরে তিনি আনোয়ারা ও সাতকানিয়া উপজেলায়ও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top