নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদে আরও ছয়টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এসব কমিটি অনুমোদন দেওয়া হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদ নেতা তারেক রহমানের পক্ষে পৃথক প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়। প্রতিটি স্থায়ী কমিটিতে ১০ জন সদস্য রাখা হয়েছে।
নবগঠিত কমিটিগুলোর মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে।
শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিএনপির সংসদ সদস্য আবুল কাশেম।
পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদীব চৌধুরী।
এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বিএনপির সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুবকে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন।
অন্যদিকে, পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বিএনপির সংসদ সদস্য শফিকুল হক মিলনকে।