দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি, বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)। সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টায় বন্যাকবলিত মেরুং ও বেতছড়ি এলাকার অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন বিজিবির সদস্যরা। পাশাপাশি বন্যার্তদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
টানা কয়েক দিনের ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল দীর্ঘ সময় পানির নিচে তলিয়ে যায়। বিশেষ করে মেরুং ইউনিয়নের অনেক এলাকা প্রায় তিন দিন পানিবন্দি থাকায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েন। অনেক পরিবার খাদ্যসংকটে পড়ে মানবিক সংকটের মুখোমুখি হয়।

এ পরিস্থিতিতে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) দুর্গত মানুষের সহায়তায় মাঠে নামে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ নিজেই পানি ও কাদা মাড়িয়ে দুর্গত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
এ সময় বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুন এবং সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন উপস্থিত ছিলেন। তাদের তত্ত্বাবধানে বন্যার্তদের জন্য একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়া বন্যা-পরবর্তী সময়ে পানিবাহিত ও অন্যান্য রোগ প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শও দেওয়া হয়।
বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, বিজিবি সবসময় দেশের মানুষের পাশে রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে আমরা মানবিক দায়িত্ববোধ থেকে কাজ করছি। যতদিন প্রয়োজন হবে, ততদিন আমাদের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। দুর্গত মানুষের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বাবুছড়া ব্যাটালিয়ন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবে।

উপকারভোগী রিমি চাকমা বলেন, “বন্যার কারণে কয়েকদিন ধরে আমাদের পরিবার চরম কষ্টে ছিল। ঘরে খাবারের সংকট দেখা দিয়েছিল এবং কোথাও যেতে পারিনি। এমন সময় বিজিবির সদস্যরা আমাদের বাড়িতে এসে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। পাশাপাশি চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধও পেয়েছি। তাদের এই সহযোগিতা আমাদের জন্য অনেক বড় সহায়তা। আমরা বিজিবির প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের এ সময়ে বিজিবির এমন মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের উদ্যোগও দুর্গত মানুষের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। সময়োপযোগী এই সহায়তার জন্য তারা বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top