চলতি বছরে সারা দেশে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড, নারীদের উচ্চশিক্ষাও হবে বিনামূল্যে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

দেশের প্রতিটি উপজেলায় ৭ হাজার পরিবারের নারী সদস্যদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে পর্যায়ক্রমে সারা দেশের কোটি কোটি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে।

সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদী উপজেলায় ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গঠন করতে পারলে দেশের ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

তারেক রহমান আরও বলেন, জনগণের সমর্থন থাকলে বিএনপি দেশের স্বার্থে যেকোনো বাধা মোকাবিলা করে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাবে।

নারী শিক্ষার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার সুযোগ চালু করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার প্রথম শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত নারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করবে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের উদ্যোগও নেওয়া হবে।

এর আগে সফরের অংশ হিসেবে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top