নিজস্ব প্রতিনিধি:
টানা কয়েকদিনের ভারী বর্ষণের পরও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সোমবার (১৩ জুলাই) দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
সকালের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং কর্মজীবীরা দুর্ভোগে পড়েছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ স্থানে এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।