টেস্ট দলের কোচের দায়িত্ব হারালেন ব্রেন্ডন ম্যাককালাম, সাদা বলের দায়িত্বে বহাল

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ড ক্রিকেট দলের টেস্ট প্রধান কোচের পদ থেকে ব্রেন্ডন ম্যাককালামকে অব্যাহতি দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ড দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড জানিয়েছেন, টেস্ট ক্রিকেটে ধারাবাহিক হতাশাজনক পারফরম্যান্সের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ম্যাককালামের অধীনে ইংল্যান্ড সাম্প্রতিক নয়টি টেস্টের মধ্যে সাতটিতেই পরাজিত হয়েছে। এর মধ্যে রয়েছে ২০২৫-২৬ মৌসুমের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে ৪-১ ব্যবধানে হার এবং গত মাসে নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ পরাজয়। পাশাপাশি দলের শৃঙ্খলা ও মদ্যপানসংক্রান্ত অভিযোগও আলোচনায় আসে।

ইসিবির প্রকাশিত বিবৃতিতে ম্যাককালাম বলেন, টেস্ট দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার জন্য অত্যন্ত গর্বের। দায়িত্ব ছাড়তে কষ্ট হলেও বোর্ডের সিদ্ধান্তকে তিনি সম্মান জানান।

নিউজিল্যান্ড সিরিজের শেষ টেস্টে ট্রেন্ট ব্রিজে বড় ব্যবধানে হারের ম্যাচটিই ছিল ম্যাককালামের টেস্ট কোচ হিসেবে শেষ দায়িত্ব পালন। একই ম্যাচ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সাবেক অধিনায়ক বেন স্টোকস।

ম্যাককালামের কোচিং অধ্যায়ের শুরুটা ছিল দারুণ সফল। তার অধীনে স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ড নিউজিল্যান্ড ও পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে। পাকিস্তান সফরে একদিনেই ৫০০ রান করে রেকর্ড গড়েছিল দলটি। এছাড়া ২০২৩ সালের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করেও প্রশংসা কুড়ায় ইংল্যান্ড।

তবে ভারত ও অস্ট্রেলিয়ার মাটিতে ৪-১ ব্যবধানে সিরিজ হার ইংল্যান্ডের কৌশলগত দুর্বলতা স্পষ্ট করে দেয়। সব ধরনের কন্ডিশনে একই ধরনের ক্রিকেট খেলার পরিকল্পনা কার্যকর হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা।

এরই মধ্যে নিউজিল্যান্ড সিরিজ চলাকালে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বেন স্টোকস ও পেসার গাস অ্যাটকিনসনকে এক ম্যাচের জন্য একাদশের বাইরে রাখা হয়, যা দলকে আরও চাপে ফেলে।

আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজের আগে নতুন টেস্ট প্রধান কোচ এবং অধিনায়ক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে ইসিবি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top