বিনোদন ডেস্ক:
ফিফা ২০২৬ বিশ্বকাপের উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড। শেষ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রোববার (১২ জুলাই) সকালে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসির নেতৃত্বে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।
আর্জেন্টিনার এই জয়ে বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো আনন্দে মেতেছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই।
ছোটপর্দার জনপ্রিয় তারকা দম্পতি নাঈম ও নাদিয়া সরাসরি গ্যালারিতে বসে আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করেছেন। নিজেদের প্রিয় দলের জয় উদযাপন করে নাদিয়া সামাজিক মাধ্যমে লিখেছেন, “ভামোস আর্জেন্টিনা! রোড টু সেমিফাইনাল।” একই সঙ্গে কানসাস সিটির স্টেডিয়ামে বসে খেলা দেখার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।
এবারের বিশ্বকাপে মাঠে উপস্থিত থেকে আর্জেন্টিনাকে সমর্থন জানিয়েছেন আরও কয়েকজন বাংলাদেশি তারকা। তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, সাফা কবির, নির্মাতা মোস্তফা কামাল রাজ এবং দিলারা।
আর্জেন্টিনার জয় উদযাপন করে অভিনেত্রী পূর্ণিমাও সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, “পিওর ইমোশন, পিওর প্যাশন। সেমিফাইনালিস্ট!”
অভিনেতা ইরফান সাজ্জাদও দলের জয়ে আনন্দ প্রকাশ করলেও ম্যাচে কোচ লিওনেল স্কালোনির কৌশল নিয়ে অসন্তোষ জানিয়েছেন। এক পোস্টে তিনি লেখেন, “সেমিফাইনালে ইগো দূরে রেখে যোগ্য খেলোয়াড়দের খেলান। আনচেলত্তির মতো ভুল করবেন না। শুভকামনা আর্জেন্টিনাকে।”
অন্যদিকে অভিনেত্রী মালাইকা চৌধুরীও প্রিয় দলের জয়ের আনন্দ ভাগ করে নিতে আর্জেন্টিনার জার্সি পরা একটি ছবি পোস্ট করে লিখেছেন, “আজ আমি অনেক খুশি।”
আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠার পর বাংলাদেশের ফুটবলপ্রেমী ও শোবিজ তারকাদের মধ্যে নতুন করে বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে পড়েছে। এখন সবার অপেক্ষা, আলবিসেলেস্তেরা ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে কি না।