মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও FIAPF-স্বীকৃত এ-শ্রেণির চলচ্চিত্র উৎসব Shanghai International Film Festival-এর Asian New Talent প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট (সাঁকোটা দুলছে)’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ জিহাদ এবং প্রযোজনা করেছেন একই বিভাগের সহকারী অধ্যাপক মনোজ কুমার প্রামাণিক। চলতি মাসের ১২ থেকে ২১ জুন চীনের Shanghai-এ অনুষ্ঠিতব্য উৎসবের ২৮তম আসরে চলচ্চিত্রটির বিশ্বপ্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ, প্রযোজক মনোজ কুমার প্রামাণিক এবং প্রযোজনা প্রতিষ্ঠান MANpaCHITRA এর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রচর্চার জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
এটি বাংলাদেশের MANpaCHITRA এবং জার্মানির Mogador Film-এর যৌথ প্রযোজনায় নির্মিত একটি বাংলাদেশ-জার্মানি কো-প্রোডাকশন।সম্পূর্ণ সাদা-কালোতে নির্মিত ৮০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটি গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবনসংগ্রাম, কুসংস্কার, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা এবং সামাজিক নিপীড়নের বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত। একজন অন্ধ তরুণীর স্বপ্নপূরণের সংগ্রাম এবং এক রহস্যময় হাতির মুখোমুখি হওয়ার ঘটনাকে ঘিরে চলচ্চিত্রটির কাহিনি এগিয়ে যায়।
নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় পরিচালক ইশতিয়াক আহমেদ জিহাদ বলেন, “গ্রামীণ বাংলাদেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকেই এই চলচ্চিত্রের জন্ম। সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়া আমাদের পুরো টিমের জন্য অত্যন্ত সম্মানের এবং চলচ্চিত্রে প্রতিফলিত মানুষের জীবন ও অভিজ্ঞতার আন্তর্জাতিক স্বীকৃতি।”
প্রযোজক মনোজ কুমার প্রামাণিক বলেন, “খুব সীমিত অর্থ ও অল্প অভিজ্ঞতা নিয়ে শুরু হওয়া এই যাত্রার এমন অর্জন আমাদের দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ ও স্বাধীন চলচ্চিত্রচর্চার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি।”
চলচ্চিত্রটির আন্তর্জাতিক নির্মাণযাত্রায় জার্মান প্রযোজক Christoph Thoke অ্যাসোসিয়েট প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন। এছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র সমালোচক ও প্রোগ্রামার Darcy Paquet কনসাল্টিং প্রযোজক এবং ফজলে হাসান শিশির সহ-প্রযোজক হিসেবে কাজ করেছেন।
উক্ত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া হক, অশোক ব্যাপারী, সাবিহা জামান, পঙ্কজ মজুমদার, মুনসিফ মিম, নিশাত তাসনিম, মামুন রেজা, রবিউস সানি, ফয়সাল, পিয়াল সরকার ও রিজওয়ান তক্তিম। চিত্রগ্রহণ করেছেন সামিউল করিম সুপ্তক, সম্পাদনা করেছেন হাসিব আহমেদ, সাউন্ড ডিজাইন ও মিক্সিং করেছেন শৈব তালুকদার এবং সংগীত পরিচালনা করেছেন সয়ন্তন মাংসাং।
সীমিত অর্থায়ন ও সম্পদের মধ্যেও একদল তরুণ চলচ্চিত্রকর্মীর সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত এই চলচ্চিত্রটি সাংহাইয়ে বিশ্বপ্রিমিয়ারের পর বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। পরবর্তীতে দেশের দর্শকদের জন্যও এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।