নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ জুলাই) রাতে উপজেলার বেড়িবাঁধ এলাকায় নিজ বাগানবাড়িতে প্রবেশের সময় এ হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনন্দ বসাক জানান, রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীরকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্র নিয়ে তিনজন হামলাকারী অতর্কিতভাবে জাহাঙ্গীরের ওপর হামলা চালায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে একজন হামলাকারীকে আটক করা সম্ভব হয়। তবে বাকি দুজন পালিয়ে যায়।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। পলাতক অন্য দুই অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।