শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির রায় কার্যকরের জন্যই ফিরবেন: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় কার্যকর করার জন্যই ফিরবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা উদ্যোগ (এমএসএমই) দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন।

প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি একটি সাক্ষাৎকারে ডিসেম্বর মাসে দেশে ফেরার পরিকল্পনার কথা বলা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, গত ১৬ বছরের ক্ষয়ক্ষতির পর জনগণ চায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা হোক।

তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে রায় হয়েছে। এখন সরকারকে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে সেই রায় বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, কারা তার সঙ্গে আসবেন এবং তিনি আত্মসমর্পণ করবেন কি না—এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশ সরকারের। এ নিয়ে সরকারের দিল্লির সঙ্গে আলোচনা করা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরা, তার বিচার এবং রায় কার্যকরের বিষয়টি ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে। তার দাবি, আওয়ামী লীগ এখন কার্যকর রাজনৈতিক দল হিসেবে নেই।

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মানুষ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় তারা সক্রিয় থাকবে।

তিনি সতর্ক করে বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হলে এবং সরকার তা প্রশ্রয় দিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সরকারই। তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষ, আহত ব্যক্তি ও নিহতদের স্বজনরা এ বিষয়ে সতর্ক রয়েছেন।

আওয়ামী লীগের দলগত বিচারের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় নেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে। তার মতে, এ উদ্যোগ সঠিক পথে এগোচ্ছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকর করা প্রয়োজন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা উদ্যোক্তারা অংশ নেন। বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্ষুদ্র-মাঝারি শিল্প খাতের প্রতিনিধিরাও সেখানে বক্তব্য দেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top