নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের বৈধতা নিয়ে করা রুলের শুনানি শেষ হয়েছে। তার প্রার্থিতা বৈধ কি না, সে বিষয়ে বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন হাইকোর্ট।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেবেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সারোয়ার আলমগীর। তবে তার নির্বাচনী ফলাফল প্রকাশ আপিল বিভাগের নির্দেশে বর্তমানে স্থগিত রয়েছে।
এর আগে নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে। পরে নির্বাচনের আগে প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করেন এবং তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেন। একই সঙ্গে তাকে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশও দেওয়া হয়।
তবে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন একই আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। সারোয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে তিনি এ আবেদন করেন।
গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন। আদেশে বলা হয়, সারোয়ার আলমগীর নির্বাচনে জয়ী হলে তার ক্ষেত্রে প্রযোজ্য ফলাফল আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রকাশ করা যাবে না।
পরে গত ৩১ মার্চ নিয়মিত আপিল করেন জামায়াতের প্রার্থী। ওই আপিলের শুনানি শেষে ১৬ জুন আপিল বিভাগ নির্দেশ দেন, দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুলটি নিষ্পত্তি করতে হবে।
আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী, রুলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ৩ ফেব্রুয়ারির আদেশ বহাল থাকবে। অর্থাৎ সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।
আপিল বিভাগের আদেশের পর গত ২১ জুন রিটটি চূড়ান্ত শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় ওঠে। পরবর্তী ধারাবাহিক শুনানি শেষে বৃহস্পতিবার রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়েছে।