পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা বাতিলের রায় বহাল, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান

নিজস্ব প্রতিনিধি:

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।

পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মোট তিনটি আপিল করা হয়েছিল। একটি আপিল করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি। পৃথক আরেকটি আপিল করেন নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন। এছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও একটি আপিল করেন।

এর আগে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে ব্যাপক পরিবর্তন আনা হয়েছিল। তার মতে, এসব পরিবর্তন মানুষের বাকস্বাধীনতা, গণতন্ত্র ও দেশের ভবিষ্যৎ অগ্রযাত্রার ক্ষেত্রে বাধা তৈরি করেছিল।

২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাস করে। ওই সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়।

সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। পাশাপাশি অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান যুক্ত করা হয়। জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বীকৃতি সংবিধানে অন্তর্ভুক্ত করার পাশাপাশি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের চার মূলনীতি হিসেবে পুনর্বহাল করা হয়।

জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালে পঞ্চদশ সংশোধনীর পুরো আইন এবং এর কয়েকটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদন করা হয়।

চূড়ান্ত শুনানি শেষে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান বাদ দেওয়াসংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা বাতিল ঘোষণা করা হয়।

একই সঙ্গে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত ৭ক, ৭খ এবং ৪৪(২) অনুচ্ছেদকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে বাতিল করেন হাইকোর্ট।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি গত সোমবার শুরু হয়। মঙ্গলবার ও বুধবার শুনানি শেষে আপিল বিভাগ বৃহস্পতিবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। আজকের রায়ে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল থাকায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হলো।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top