সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বিভিন্ন খাদ্য ও ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫টি মামলায় মোট *১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা* করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মোড়কবিহীন ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) চরভদ্রাসন বাজার ও আদর্শ স্কুল রোড এলাকায় *বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুর, **জেলা প্রশাসন, ফরিদপুর, **জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর* এবং *বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ফরিদপুর*-এর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ মোবাইল কোর্ট পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালতে *মারকাযুন নূর ইসলামিক স্টোর-এ মোড়কবিহীন দই, মাঠা, ঘি, আইসক্রিম ও মধু বিক্রির দায়ে **ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮* অনুযায়ী *১০ হাজার টাকা* জরিমানা করা হয়। এছাড়া মোড়কবিহীন পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।
*তরুণ মিষ্টান্ন ভাণ্ডার-এ মোড়কবিহীন দই ও মিষ্টি বিক্রির দায়ে একই আইনে **২ হাজার টাকা* এবং *ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার-এ ওজনে কারচুপির অভিযোগে **ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯* অনুযায়ী *৩ হাজার টাকা* জরিমানা করা হয়।
এদিকে, *ইনভাইট ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্ট-এ অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় **২০ হাজার টাকা* জরিমানা করা হয়।
সবচেয়ে বেশি জরিমানা করা হয় *আধুনিক ফার্মা* প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ওষুধ পাওয়ায় *নিরাপদ খাদ্য আইন, ২০১৩* অনুযায়ী *১ লাখ টাকা* জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানের সময় *চরভদ্রাসন আধুনিক ডায়াগনস্টিক সেন্টার*-এর অভ্যন্তরীণ ল্যাবের পরিবেশ ও প্রয়োজনীয় কাগজপত্র সন্তোষজনক পাওয়ায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুরের *সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল* এবং *সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার গৌরব মুস্তাফা*। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।