গুলশানের ২৭ কাঠা সরকারি সম্পত্তি আত্মসাতের মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর গুলশান-২ এলাকায় ২৭ কাঠা সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে চার্জগঠনের নির্দেশ দেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৯ আগস্ট দিন নির্ধারণ করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২০ মে মামলার চার্জ গঠন ও অব্যাহতির আবেদন নিয়ে শুনানি শেষ হয়। পরে আদেশের জন্য ৬ জুলাই দিন ধার্য করা হয়েছিল।

আদালতের আদেশের দিন কারাগারে থাকা আব্দুস সালাম মুর্শেদীসহ কয়েকজন আসামিকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা অন্য আসামিরাও আদালতে উপস্থিত ছিলেন।

মামলায় দুর্নীতি দমন কমিশনের পক্ষে প্রসিকিউটর শামীম হোসেন শুনানিতে অংশ নেন। আসামিদের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন এহসানুল হক সমাজী, মাসুদ আহমেদ তালুকদার, বোরহান উদ্দীন, শাহীনুর ইসলাম ও খাদেমুল ইসলাম।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম, প্রকৌশলী এম আজিজুল হক, রাজউকের সাবেক সদস্য লে. কর্নেল (অব.) এম নুরুল হক, সাবেক পরিচালক আবদুর রহমান ভূঁঞা, সাবেক উপপরিচালক মো. আজহারুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান, সাবেক শাখা সহকারী মো. মাহবুবুল হক এবং কক্সবাজারের রামুর বাসিন্দা মীর মোহাম্মদ হাসান ও তার ভাই মীর মো. নুরুল আফছার।

অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি কর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন। অভিযোগ অনুযায়ী, গুলশান আবাসিক এলাকার সিইএন (ডি) ২৭ নম্বর, হোল্ডিং নম্বর-২৯ এবং রোড নম্বর-১০৪-এর ২৭ কাঠা পরিত্যক্ত সরকারি সম্পত্তি যথাযথভাবে অবমুক্ত না করেই জালিয়াতির মাধ্যমে ভুয়া রেকর্ড তৈরি করা হয়।

পরে ওই সম্পত্তির হস্তান্তরের অনুমতি ও নামজারি অনুমোদনের মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের সুযোগ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় দণ্ডবিধির প্রতারণা, জালিয়াতি ও অপরাধে সহায়তাসংক্রান্ত ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ অক্টোবর আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top