অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে করণিক ভুল শনাক্ত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি:

জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছু ক্ষেত্রে করণিক ভুল শনাক্ত করেছে বিদ্যুৎ বিভাগ। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়িত্বে অবহেলা বা গ্রাহক হয়রানির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) এক সংবাদ ব্রিফিংয়ে বিদ্যুৎ বিভাগ জানায়, বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতোমধ্যে গ্রাহকদের কাছ থেকে পাওয়া অধিকাংশ অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে বলেও দাবি করেছে বিভাগটি।

বিদ্যুৎ বিভাগের ব্যাখ্যায় বলা হয়, জুন মাস থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্ধারিত নতুন বিদ্যুৎ ট্যারিফ কার্যকর হয়েছে। ফলে একই পরিমাণ টাকায় আগের তুলনায় কম ইউনিট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এ কারণে প্রিপেইড মিটারের গ্রাহকদের আগের চেয়ে বেশি বার রিচার্জ করতে হচ্ছে। অনেক গ্রাহকের কাছে এটিই অতিরিক্ত অর্থ কেটে নেওয়ার মতো মনে হচ্ছে।

বিভাগটি জানায়, অধিকাংশ ক্ষেত্রে বিল বেড়ে যাওয়ার পেছনে মিটারের কোনো কারিগরি ত্রুটি পাওয়া যায়নি। নতুন ট্যারিফের পাশাপাশি তীব্র গরম, কম বৃষ্টিপাত, ঈদুল আজহা, ফিফা বিশ্বকাপ, এসএসসি পরীক্ষা এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ার কারণে বিদ্যুতের চাহিদা ও ব্যবহার বেড়েছে।

ব্যবহার বৃদ্ধি পাওয়ায় অনেক গ্রাহক উচ্চতর ট্যারিফ স্ল্যাবে চলে গেছেন। ফলে তাদের বিদ্যুৎ বিলও তুলনামূলকভাবে বেড়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

তবে কিছু বিল প্রস্তুতের ক্ষেত্রে করণিক ভুলের প্রমাণ পাওয়া গেছে। এসব বিল পুনঃযাচাই করে প্রয়োজনীয় সংশোধনের কাজ চলছে। কোনো গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

নিম্ন আয়ের গ্রাহকদের কথা বিবেচনায় রেখে লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য আগের ট্যারিফ বহাল রাখা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে বিদ্যুৎ খাতে ভর্তুকি অব্যাহত রাখা, উৎপাদন ও বিতরণ ব্যবস্থার দক্ষতা বাড়ানো, সিস্টেম লস কমানো এবং স্মার্ট মিটারিং সম্প্রসারণে কাজ চলছে।

বিদ্যুৎ বিল নিয়ে কোনো সন্দেহ বা অভিযোগ থাকলে গ্রাহকদের সংশ্লিষ্ট বিতরণ সংস্থার গ্রাহকসেবা কেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর মিটার পরীক্ষা, বিল পুনঃযাচাই এবং প্রয়োজন অনুযায়ী সংশোধনী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মিটার ভাড়া নিয়ে জনমনে তৈরি হওয়া প্রশ্নও সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে।

বিদ্যুৎ বিলসংক্রান্ত সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই করে দায়িত্বশীল প্রতিবেদন তৈরির আহ্বান জানিয়েছে বিভাগটি। একই সঙ্গে গুজব বা বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত হয়ে বিদ্যুৎ স্থাপনার ক্ষতি না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top