জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি

নিজস্ব প্রতিনিধি:

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কওমি মাদরাসার শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের সভাপতি মাওলানা জামিল সিদ্দিকী।

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বক্তব্য দেন তিনি।

মাওলানা জামিল সিদ্দিকী বলেন, জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে কওমি মাদরাসার শিক্ষার্থীরা আন্দোলনে সরাসরি অংশ নেন। উত্তাল পরিস্থিতিতে বিপদে পড়া অনেক আন্দোলনকারীকে মসজিদ ও মাদরাসায় আশ্রয় দেওয়ার পাশাপাশি তাদের খাবার ও প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যবস্থাও করা হয় বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনে অংশ নিতে গিয়ে যাত্রাবাড়ী মাদরাসার অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, ‘তরুণ আলেম প্রজন্ম’ ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রকাশিত শহীদদের তালিকায় অন্তত ৭৯ জন মাদরাসাশিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত করেছে।

জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় কওমি শিক্ষার্থীদের যথাযথ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে তাদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সব ক্ষেত্রে সমান মূল্যায়নের দাবি জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বক্তব্য দেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top