নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, এ বিষয়ে চীনের অবস্থান স্পষ্ট এবং অপরিবর্তিত।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সহযোগিতার প্রতিশ্রুতি বহাল রয়েছে। চীন তার সামর্থ্যের মধ্যে থেকে এ প্রকল্পে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর অত্যন্ত সফল হয়েছে। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত পর্যায়ের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।
তিস্তা প্রকল্প প্রসঙ্গে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মানুষের কল্যাণ এবং পানি সম্পদ ব্যবস্থাপনার উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ। তাই তিস্তা ইস্যুতে চীনের সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইয়াও ওয়েন আরও বলেন, বাংলাদেশ ও চীন আঞ্চলিক যোগাযোগব্যবস্থা উন্নয়নে নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে। এ ক্ষেত্রে চীন-বাংলাদেশের সরাসরি সংযোগ স্থাপন এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর উন্নয়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও বহুমাত্রিক হবে।