নিজস্ব প্রতিনিধি:
চ্যানেল আইয়ের লাইভ টকশো ‘টু দ্য পয়েন্ট’-এর একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা ও রাজনীতিবিদ শাহজাহান ওমর বীরউত্তম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সোমা ইসলাম।
ভাইরাল হওয়া ভিডিওতে সোমা ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি শাহজাহান ওমরের কাছে জানতে চান, তারেক রহমান সত্যিই বাংলাদেশ ও গণতন্ত্রকে ভালোবাসেন কি না।
ভিডিওটি চব্বিশের রাজনৈতিক পটপরিবর্তনের আগের সময়ের বলে উল্লেখ করা হয়েছে। ওই অনুষ্ঠানে সোমা ইসলাম বিএনপির তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিকে নেতৃত্বসংকট হিসেবে বর্ণনা করেন। তার বক্তব্যে উঠে আসে, মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে হতাশা ছিল এবং তাদের কার্যকর দিকনির্দেশনা দেওয়ার মতো নেতৃত্বের অভাব দেখা যাচ্ছিল।
তিনি আরও বলেন, দলটির প্রধান দেশের বাইরে থেকে ভার্চুয়াল বৈঠক করছেন এবং নিয়মিত জনগণের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি দলটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি করছে। একই সঙ্গে বিএনপির ভেতরে নেতৃত্ব পরিবর্তনের দাবি বা আলোচনা রয়েছে কি না, সে বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।
দৈনিক আমার দেশ-এর যুগ্ম সম্পাদক এম আব্দুল্লাহ এবং আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের বৃহস্পতিবার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। তাদের শেয়ার করা ভিডিওটি ইতোমধ্যে প্রায় সাড়ে তিন লাখবার দেখা হয়েছে বলে দাবি করা হয়েছে।
পুরোনো এই টকশো ক্লিপ নতুন করে ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির অতীত রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের নেতৃত্ব এবং গণমাধ্যমে রাজনৈতিক আলোচনার ধরন নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।