নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছে দলটি। হামলায় জামায়াতের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে মহানগর দক্ষিণ জামায়াত।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ছুরিকাঘাতে আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন।
তিনি অভিযোগ করেন, গুলিস্তান এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও দখলবাজির ঘটনা ঘটছে। সম্প্রতি একটি মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলে স্থানীয় ব্যবসায়ীদের অনুরোধে জামায়াতের নেতারা তাদের পাশে দাঁড়ান।
আব্দুস সাত্তার সুমন বলেন, চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে শনিবার বিকেলে ফুলবাড়িয়ায় বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা সেখানে জড়ো হলে একদল ব্যক্তি অতর্কিত হামলা চালায় বলে তিনি দাবি করেন।
জামায়াতের এই নেতা হামলার জন্য বিএনপির নেতাকর্মী ও স্থানীয় চাঁদাবাজ চক্রকে দায়ী করেন। তিনি আরও অভিযোগ করেন, হামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীও অংশ নিয়েছেন।
তার দাবি অনুযায়ী, যুবদলের এক যুগ্ম আহ্বায়ক, স্থানীয় বিএনপির কয়েকজন নেতা এবং আওয়ামী লীগের কয়েকজন নেতাসহ শতাধিক ব্যক্তি অস্ত্র, ধারালো বস্তু, হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে হামলায় অংশ নেয়। তবে এসব অভিযোগের বিষয়ে বিএনপি বা আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বংশাল থানার উপপরিদর্শক সৈকত হোসেন জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।