নিজস্ব প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচির প্রতিবাদ ও প্রতিরোধের অংশ হিসেবে রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৩ জুন) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল এলাকা থেকে শুরু হয়ে ধানমন্ডি ২৭ নম্বর মোড় প্রদক্ষিণ করে পুনরায় ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান, কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
জামায়াত নেতারা জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ঘোষিত সম্ভাব্য কর্মসূচির বিরুদ্ধে অবস্থান জানাতে এবং তা প্রতিহত করার উদ্দেশ্যে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা গ্রহণযোগ্য নয়। এ কারণে দলীয় নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে বিক্ষোভ মিছিল করেছেন।