নিজস্ব প্রতিনিধি:
গণহত্যার বিচার প্রক্রিয়ায় ধীরগতি, দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।
সোমবার (২২ জুন) রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশ নেবেন।
এছাড়া একই দাবিতে আগামী ৪ জুলাই দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, গণহত্যার বিচার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সরকারের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। পাশাপাশি সীমান্ত পরিস্থিতি এবং প্রতিবেশী দেশের সামরিক তৎপরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তার দাবি, সীমান্ত হত্যা ও কথিত ‘পুশ-ইন’ ইস্যুতেও সরকার প্রত্যাশিত ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, কোনো নিষিদ্ধ সংগঠন যদি আইনবহির্ভূত কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করে, তা প্রতিরোধ করার দায়িত্ব সরকারের এবং আইনশৃঙ্খলা বাহিনীর। এ দায়িত্ব রাজনৈতিক দলগুলোর নয়।
দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় আরও খারাপ হয়েছে এবং এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
জোটের নেতারা আশা প্রকাশ করেন, তাদের ঘোষিত কর্মসূচির মাধ্যমে জনগণের উদ্বেগ ও দাবিগুলো আরও জোরালোভাবে সামনে আসবে।