নিজস্ব প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন শিবির সভাপতি সাইফুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা মুকুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং আলোচিত হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
গাইবান্ধা জেলা যুবদলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুলের বিরুদ্ধে শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য পর্যালোচনার ভিত্তিতে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় তাকে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।
জেলা যুবদল আরও জানিয়েছে, সংগঠন কোনো ধরনের সহিংসতা, অপরাধমূলক কর্মকাণ্ড বা আইনবহির্ভূত কার্যকলাপকে সমর্থন করে না। দলীয় শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২১ জুন বোনারপাড়া এলাকায় সংঘটিত এক সংঘর্ষে ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ নিহত হন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে।
হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তকারী সংস্থাগুলো ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করছে।