২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদ নেতার

নিজস্ব প্রতিনিধি:

সিলেটের প্রত্যাহারকৃত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও দলটির গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

রোববার (২১ জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে আবু হানিফ বলেন, সম্প্রতি সিলেটের মাজার ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দেওয়ার পরই ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে তিনি সিলেট অঞ্চলে অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আলোচনায় আসেন।

তিনি দাবি করেন, দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখার কারণে অতীতেও বিভিন্ন সময়ে সারওয়ার আলমকে প্রশাসনিক চাপে পড়তে হয়েছে। একজন সৎ ও দেশপ্রেমিক কর্মকর্তা বারবার অসাধু স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রতিকূলতার মুখে পড়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

আবু হানিফ আরও বলেন, প্রশাসনে বদলি বা প্রত্যাহার স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হলেও সারওয়ার আলমের ক্ষেত্রে ঘটনাটি স্বাভাবিক বলে মনে করার সুযোগ নেই। তার মতে, মাজার ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দেওয়ার কয়েক দিনের মধ্যেই তাকে সরিয়ে দেওয়া হওয়ায় বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সারওয়ার আলমকে পুনর্বহাল করা উচিত। অন্যথায় জনগণের মধ্যে এ ধারণা তৈরি হতে পারে যে, প্রভাবশালী স্বার্থগোষ্ঠীর চাপের কাছে সরকারও নতি স্বীকার করছে।

ডিসি প্রত্যাহারের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে এবং বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top