নিজস্ব প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে নতুন নাম নির্ধারণ করা হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসককে ফোন করে ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের স্বাক্ষরিত চিঠিতে তিনটি ইউনিয়নের নাম পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয়দের অংশগ্রহণে নতুন করে গণশুনানির আয়োজন করা হবে।
নির্দেশনায় বলা হয়েছে, নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে এলাকার ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভৌগোলিক বৈশিষ্ট্যকে অগ্রাধিকার দিতে হবে। নাম চূড়ান্ত হওয়ার পর তা সরকারি গেজেটের মাধ্যমে প্রকাশ করা হবে।
এর আগে প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় কয়েকটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এর মধ্যে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামগুলো প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও তার পরিবারের সদস্যদের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
বিষয়টি নিয়ে জাতীয় পর্যায়েও ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় এবং সংসদেও এ নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে জনমতের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করে।
তবে ‘স্বর্ণগ্রাম’ নামের আরেকটি ইউনিয়ন নিয়ে এখনো আলোচনা অব্যাহত রয়েছে। স্থানীয়দের একটি অংশের দাবি, এ ইউনিয়নের নামও পুনর্বিবেচনা করা উচিত।
অন্যদিকে, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে প্রতিমন্ত্রীর নাম যুক্ত করার উদ্যোগ নিয়েও বিতর্ক দেখা দেয়। পরে এ ধরনের নামকরণ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হওয়ায় এ বিষয়ে আর কোনো বিতর্ক থাকা উচিত নয়। তিনি নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণেও অনাগ্রহ প্রকাশ করেছেন বলে তার কার্যালয় জানিয়েছে।