২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চার মাসের অনিশ্চয়তা কাটিয়ে হরমুজ প্রণালি পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’

নিজস্ব প্রতিনিধি:

দীর্ঘ প্রায় চার মাসের অপেক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে হরমুজ প্রণালি সফলভাবে অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৩টার দিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পার হয় জাহাজটি। বর্তমানে এটি জ্বালানি সংগ্রহের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

বিএসসি সূত্র জানিয়েছে, জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রু সদস্য সবাই সুস্থ ও নিরাপদ আছেন। দীর্ঘ প্রতীক্ষার পর জাহাজটি এখন নির্ধারিত গন্তব্যের পথে যাত্রা অব্যাহত রাখবে।

জানা গেছে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বহন করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়।

তবে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরানের পাল্টা পদক্ষেপের কারণে পুরো অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যায়। ফলে জাহাজটির স্বাভাবিক নৌ-চলাচল ব্যাহত হয় এবং এটি কার্যত পারস্য উপসাগর এলাকায় আটকে পড়ে।

১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাসের পর জাহাজটির কুয়েতে যাওয়ার পরিকল্পনা থাকলেও নিরাপত্তাজনিত কারণে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। পরবর্তীতে জাহাজটিকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিতে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করা হয়।

কিন্তু হরমুজ প্রণালিতে চলাচল সীমিত থাকায় জাহাজটিকে দীর্ঘ সময় রাস আল খায়ের বন্দরে অপেক্ষা করতে হয়। অবশেষে পরিস্থিতির উন্নতি হওয়ায় জাহাজটি প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়েছে।

বিএসসির কর্মকর্তারা আশা করছেন, এখন থেকে জাহাজটির নির্ধারিত বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top