নিজস্ব প্রতিনিধি:
চাঁদাবাজির অভিযোগে হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ শেষে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে ছেড়ে দিয়েছে পুলিশ।
রোববার (২১ জুন) গভীর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
তিনি জানান, সজীবের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে এবং তথ্য যাচাইয়ের জন্য তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক অনুসন্ধান শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার দুপুরে রাজধানী থেকে তাকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে ঢাকার মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ রয়েছে, একটি বৃহৎ শিল্পগোষ্ঠীর পণ্যবাহী যানবাহন আটকে চাঁদা দাবি এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের পরিবহন কার্যক্রমে বাধা দেওয়ার ঘটনায় তার অনুসারীদের সম্পৃক্ততা ছিল। এছাড়া ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও অর্থ আদায়ের অভিযোগও তদন্তাধীন রয়েছে।
এদিকে সজীবকে হেফাজতে নেওয়ার পর জেলা যুবদল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে। দলীয় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন অনিয়ম ও অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, সজীবের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সদর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।