নিজস্ব প্রতিনিধি:
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়েছে।
রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, সারওয়ার আলমকে সিলেট জেলা প্রশাসকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন কর্মস্থলে সংযুক্ত করা হয়েছে।
তবে এই বদলি বা প্রত্যাহারের কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। একই সঙ্গে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়েও কোনো ঘোষণা আসেনি।
সম্প্রতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজারের তহবিল ব্যবস্থাপনায় প্রশাসনিক তদারকি বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন সারওয়ার আলম। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলাকালেই তার প্রত্যাহারের সিদ্ধান্ত আসে।
মো. সারওয়ার আলম এর আগে ঢাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে আলোচনায় আসেন। পরবর্তীতে সিলেটের সাদাপাথর এলাকায় পাথর উত্তোলন ও লুটপাট ইস্যুতে প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনার প্রেক্ষাপটে তাকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রায় এক বছর দায়িত্ব পালনের পর এবার তাকে ওই পদ থেকে সরিয়ে নেওয়া হলো।