নিজস্ব প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীরবাড়ী ইউনিয়ন এবং নবগঠিত মোকামতলা উপজেলার সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের লক্ষ্যে আজ (মঙ্গলবার) গণশুনানি অনুষ্ঠিত হবে। স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে ইউনিয়নগুলোর নতুন নাম নির্ধারণের উদ্যোগ নিয়েছে প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পর ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়। এ লক্ষ্যে জেলা প্রশাসকের নির্দেশে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা প্রশাসন পৃথক কমিটি গঠন করে এবং গণশুনানির আয়োজন করে।
শিবগঞ্জ উপজেলার মীরবাড়ী ইউনিয়নের গণশুনানি অনুষ্ঠিত হবে মঙ্গলবার সকাল ১০টায় বেতগাড়ী মীরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। ইউনিয়নের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হান্নান জানান, এলাকাবাসীর অংশগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে মাইকিং, নোটিশ প্রচার এবং জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে।
তিনি বলেন, নতুন নাম নির্ধারণে এলাকার ইতিহাস, ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ স্থানের নামকে অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যদিকে মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের গণশুনানি সকাল ১০টায় সৈয়দপুরের জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। ইউনিয়নের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুব হাসান চৌধুরী জানান, শুনানির সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
একই সময়ে দিগন্ত ইউনিয়নের গণশুনানি অনুষ্ঠিত হবে ভরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। ইউনিয়নের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুন বলেন, নতুন নাম নির্ধারণে স্থানীয় জনগণের সুচিন্তিত মতামত গ্রহণ করা হবে এবং সবাইকে গণশুনানিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, বিতর্কিত নামগুলো বাতিল করে জনগণের মতামতের ভিত্তিতে ইউনিয়নগুলোর ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন নাম চূড়ান্ত করা হবে।
প্রসঙ্গত, সম্প্রতি তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে বিষয়টি সরকারের নজরে আসে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে নাম পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়।