আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ৫ আগস্ট, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। তার ভাষায়, দলটির রাজনৈতিক দাফন হয়েছে দিল্লিতে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কার্যক্রম শেষ হলে দলটিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেও তিনি জানান।

তিনি জুলাই আন্দোলনের চেতনা ব্যবহার করে ব্যক্তিগত বা রাজনৈতিক সুবিধা নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। তার মতে, জুলাইয়ের চেতনা কোনো ব্যবসা বা স্বার্থসিদ্ধির হাতিয়ার হওয়া উচিত নয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীর বাংলাদেশ গঠনে জনগণের প্রত্যাশা অনেক বেশি। দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এবং সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, বিদেশে অবস্থানরত পতিত স্বৈরাচার ও তাদের সহযোগীরা দেশের স্থিতিশীলতা নষ্ট করা এবং গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব তৎপরতার বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের স্বপ্ন ও চেতনাকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। এই চেতনার বাস্তবায়নের মধ্য দিয়েই বাংলাদেশ উন্নয়ন, গণতন্ত্র ও অগ্রগতির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top