মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫০ পুরিয়া হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
শনিবার (০৪ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে গোয়ালন্দঘাট উপজেলার মনোরমা সিনেমা হল সংলগ্ন এলাকায় র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তাররা হলেন— গোয়ালন্দঘাট উপজেলার সোহরাব মণ্ডলপাড়া এলাকার তুহিন মোল্লার স্ত্রী মোসা. বন্যা বেগম (২৮) এবং উত্তর দৌলতদিয়া এলাকার রবি শেখের স্ত্রী পিংকি আক্তার (৩০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১ হাজার ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার দুই নারী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।