মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশায় এক গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. ইকবাল হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
শুক্রবার (০৩ জুলাই) সকালে উপজেলার নাছনা মুরাদপুর গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত ইকবালকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মো. বুলবুল মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ ও অভিযুক্ত একই গ্রামের পাশাপাশি বসবাস করেন। অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে ইকবাল ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিলেন এবং বিভিন্ন ধরনের অশালীন অঙ্গভঙ্গি করতেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রায় এক সপ্তাহ আগে পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে থাকাকালে সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্ত ঘরে প্রবেশ করে দরজা আটকে ভয়ভীতি দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরে গত ১ জুলাই সকাল ১০টার দিকে বাড়ি ফাঁকা থাকার সুযোগে আবারও গৃহবধূর ঘরে প্রবেশ করে তার তিন বছর বয়সী সন্তানকে জিম্মি করে ভয় দেখিয়ে পুনরায় ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। মামলার নম্বর-৫, তারিখ ৩ জুলাই ২০২৬; জি.আর. নং-১৩৫/২৬।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, দায়েরকৃত মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, মামলায় উল্লিখিত অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।