মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা উপজেলায় অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (০৩ জুলাই) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে পাংশা মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. শাহারিয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মৌরাট এলাকার কেন্দ্রীয় কালিমন্দিরের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে রাজু রুপিয়াট গ্রামের রান্নু শেখের ছেলে রাজু শেখ (২৫)-এর কাছ থেকে ৫১ পিস এবং একই এলাকার আইনের সঙ্গে সংঘাতে জড়িত ১৫ বছর বয়সী এক কিশোরের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় এসআই মো. শাহারিয়ার হোসেন বাদী হয়ে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামি এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।