নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই। দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করতে পারবেন এবং প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।
সোমবার (৬ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আদালতে আত্মসমর্পণ করবেন এবং জামিন চাইবেন। এটি ফৌজদারি কার্যবিধির স্বাভাবিক প্রক্রিয়া। আইন অনুযায়ী আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে।
বিরোধী দলের ছায়ামন্ত্রীসভা গঠনের উদ্যোগ নিয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের ব্যবস্থা চালু রয়েছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ পর্যবেক্ষণ, সমালোচনা এবং গঠনমূলক পরামর্শ দেওয়ার মাধ্যমে ছায়ামন্ত্রীসভা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এমন উদ্যোগ কার্যকর হলে তা স্বাগত জানানো হবে বলেও মন্তব্য করেন তিনি।
পরে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুমিন ফারহানা।
মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকাস দত্ত। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন অংশীজনের মধ্যে গাছের চারা ও সনদপত্র বিতরণ করেন।