মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর যুগ্ম জেলা দায়রা জজ আদালত-২ এর বিচারক মঙ্গলবার (০৭জুলাই) এক ব্যাংক চেক প্রতারণা মামলার রায় ঘোষণা করেছেন। রায়ে মামলার আসামি নয়ন খাতুনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৬ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সাজাপ্রাপ্ত নয়ন খাতুন রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ধুলদীকৃষ্ণপুর গ্রামের কোরবান মোল্লার স্ত্রী। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, একই গ্রামের বাসিন্দা মোঃ বিল্লাল হোসেন বাদী হয়ে ২০২৪ সালের ৩০ মে রাজবাড়ী আদালতে এ চেক প্রতারণা মামলাটি দায়ের করেন। যার সিআর মামলা নম্বর-৮২৬/২৪। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, পূর্ব পরিচিত এবং নিকটতম আত্মীয় হওয়ার সুবাদে নয়ন খাতুন তার মেয়ের জামাইকে সৌদি আরবে চাকরিতে পাঠানোর কথা বলে বিল্লাল হোসেনের কাছ থেকে ৬ লক্ষ টাকা ধার (হাওলাদ) হিসেবে গ্রহণ করেন। এর আগে ২০২৪ সালের ২ এপ্রিল রাজবাড়ী ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড এবং সোনালী ব্যাংক উপজেলা কমপ্লেক্স শাখা থেকে এ টাকা উত্তোলন করে নয়ন খাতুনকে চেকের মাধ্যমে প্রদান করা হয়েছিল।
পরবর্তীতে আদালতে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও নয়ন খাতুন সেই টাকা পরিশোধ করেননি এবং প্রতারণার আশ্রয় নেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আজ বিজ্ঞ বিচারক আসামি নয়ন খাতুনের অনুপস্থিতিতে এ সাজা ও জরিমানার রায় দেন।
বাদী পক্ষের নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত নয়ন খাতুনের বিরুদ্ধে রাজবাড়ী আদালতে আরও বেশ কয়েকটি ব্যাংক চেক প্রতারণার মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। তিনি গ্রাম এলাকার সহজ-সরল মানুষের কাছ থেকে মেয়ের জামাইকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাওলাদ নিয়ে বর্তমানে পলাতক রয়েছেন।