ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়ছেন আব্দুল্লাহ আল জাবের ও ফাতিমা তাসনিম জুমা

নিজস্ব প্রতিনিধি:

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাকালীন সদস্য ফাতিমা তাসনিম জুমা।

বুধবার রাতে পৃথক ফেসবুক পোস্টে তারা এ সিদ্ধান্তের কথা জানান। তবে ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেও ইনকিলাব মঞ্চের কার্যক্রমে তারা যুক্ত থাকবেন বলে জানিয়েছেন।

শহীদ ওসমান হাদির ওয়ারিশদের দাবির পরিপ্রেক্ষিতে এবং বিদ্যমান দলিল-দস্তাবেজ পর্যালোচনা করে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিদারদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দুই নেতা।

আব্দুল্লাহ আল জাবের তার পোস্টে বলেন, শহীদ ওসমান হাদি জীবিত থাকাকালে ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন। তবে তিনি সেই কাজ শেষ করে যেতে পারেননি।

তিনি জানান, প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটিকে জনতার আমানত হিসেবে পরিচালনার পরিকল্পনা ছিল। গত ছয় মাস ধরে ওয়ারিশ-সংক্রান্ত জটিলতা সমাধানের চেষ্টা করা হলেও বিষয়টি আরও জটিল আকার ধারণ করে।

জাবের বলেন, শহীদ ওসমান হাদির সম্মান রক্ষা এবং তার ওয়ারিশদের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে দলিল-দস্তাবেজের ভিত্তিতে ইনকিলাব কালচারাল সেন্টার হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে ফাতিমা তাসনিম জুমা বলেন, জুলাই-পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বাংলাদেশপন্থী সংস্কৃতির বিকাশের লক্ষ্যেই ইনকিলাবের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সংগঠনটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি রাজনৈতিক পরিসরে সক্রিয় হতে শুরু করলে তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

তিনি জানান, শহীদ ওসমান হাদির মৃত্যুর পর ওয়ারিশ-সংক্রান্ত বিষয়টি সামনে আসে। ট্রাস্ট গঠনের চেষ্টা করা হলেও তা শেষ পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

জুমা আরও বলেন, ওয়ারিশ-সংক্রান্ত ইস্যু নিয়ে প্রকাশ্যে নানা আলোচনা, অপপ্রচার ও মানহানিকর মন্তব্য ছড়িয়ে পড়ায় তিনি ব্যক্তিগতভাবে মানসিক চাপে ছিলেন।

ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা জানান, শহীদ ওসমান হাদির সম্মান বজায় রাখা এবং তার ওয়ারিশদের দাবির ভিত্তিতেই ইনকিলাব কালচারাল সেন্টার হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদির মৃত্যুর আগে পরিচালিত অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হলেও তার দায়িত্বকালীন সময়ের সংগঠনের সব আর্থিক হিসাব দ্রুত প্রকাশ করা হবে।

ইনকিলাবের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষায় কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top