রথযাত্রায় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের নির্দেশ রিজভীর

নিজস্ব প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ আন্দোলন, আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে বিএনপি ক্ষমতায় এসেছে। তাই পরাজিত শক্তির সম্ভাব্য ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় রথযাত্রা উৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

রিজভী বলেন, বর্তমান সরকার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় কাজ করছে। এ কারণে সরকারের বিরুদ্ধে বিভিন্ন মহল ষড়যন্ত্র, অপপ্রচার এবং ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করতে পারে। এসব অপতৎপরতা প্রতিরোধে নেতাকর্মীদের সতর্ক থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দলের চেয়ারম্যানের নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা ধর্মীয় উৎসবগুলোতে পাহারাদারের মতো দায়িত্ব পালন করবেন। রথযাত্রা উৎসবেও তারা হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে থেকে সহযোগিতা করবেন, যাতে কেউ উসকানি সৃষ্টি করে পরিস্থিতিকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে।

রিজভী বলেন, দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে বিএনপি অতীতেও সহযোগিতা করেছে। এবারও রথযাত্রা উপলক্ষে একইভাবে দলের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবেন।

তিনি আরও বলেন, দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্ম ও নৃগোষ্ঠীর মানুষ এখন ঐক্যবদ্ধ। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও সাম্প্রতিক নির্বাচনে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ প্রমাণ করেছে যে, কোনো অপশক্তি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্য ভাঙতে পারবে না।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, দেশকে সার্বিক উন্নয়নের পথে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী কাজ করছেন। বিএনপির পাশাপাশি অন্যান্য গণতান্ত্রিক দল ও শক্তিকেও দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ডের মতো কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি খাল খননের মাধ্যমে নদী-নালা ও জলাশয় পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বর্ষায় পানি সংরক্ষণ এবং শুষ্ক মৌসুমে সেচ ও মাছ চাষে তা ব্যবহার করা যায়।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ফিডিং কর্মসূচির কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, প্রায় ১৫০ উপজেলায় ৩০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে টিফিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এ সময় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম এবং ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top