জাতিসংঘ ও আসিয়ান বৈঠকে যোগ দিতে ২০ দিনের বিদেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রস্তুতি এবং একাধিক আন্তর্জাতিক বৈঠকে অংশ নিতে ২০ দিনের বেশি সময়ের বিদেশ সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ফিলিপাইনের ম্যানিলা এবং মালদ্বীপ সফর করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

শুক্রবার (১০ জুলাই) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রণালয় সূত্র অনুযায়ী, তিনি ১০ থেকে ২৯ জুলাই পর্যন্ত বিদেশ সফরে থাকবেন এবং ৩০ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।

সফরের প্রথম ধাপে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতিমূলক কার্যক্রমে অংশ নেবেন তিনি। আগামী ৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া অধিবেশনকে সামনে রেখে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করার কথা রয়েছে তার।

নিউইয়র্ক সফর শেষে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিতব্য ৫৯তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন ড. খলিলুর রহমান। এতে আসিয়ানভুক্ত দেশগুলোর পাশাপাশি মিয়ানমার, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

ম্যানিলায় আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠককে ঘিরে মিয়ানমার ইস্যুতে পাঁচ দফা ঐকমত্য, সংলাপ অংশীদারদের সঙ্গে পোস্ট মিনিস্ট্রিয়াল কনফারেন্স, আসিয়ান প্লাস থ্রি এবং আসিয়ান আঞ্চলিক ফোরাম নিয়ে আলোচনা হবে।

আসিয়ান আঞ্চলিক ফোরাম বা এআরএফ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সহযোগিতা নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এতে আসিয়ান সদস্যদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ অংশ নেয়। বাংলাদেশও এ ফোরামের অংশগ্রহণকারী দেশগুলোর একটি।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এআরএফ বৈঠকের ফাঁকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিনেটর পেনি ওংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

ম্যানিলা সফর শেষে ড. খলিলুর রহমানের মালদ্বীপ সফরের সম্ভাবনা রয়েছে। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top