ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

রাজধানী ঢাকাকে বসবাসের উপযোগী শহর হিসেবে গড়ে তুলতে সরকার ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এই পরিস্থিতি পরিবর্তনে পরিবেশ রক্ষা ও পরিকল্পিত নগরায়নের বিষয়ে গুরুত্ব দিতে হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ ও উন্নয়নকে সমান গুরুত্ব দিয়ে দেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। পরিকল্পনাহীনভাবে যত্রতত্র শিল্পকারখানা গড়ে ওঠা পরিবেশের জন্য ক্ষতিকর। একটি সভ্য ও আধুনিক রাষ্ট্রে পরিবেশের ভারসাম্য বজায় রেখে শিল্পায়ন ও নগর উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন।

তিনি বলেন, দেশের বড় একটি অংশ এখনো পরিবেশ সম্পর্কে পর্যাপ্ত সচেতন নয়। তাই পরিবেশ সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ এবং জলবায়ু ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য নিয়ে কাজ করবে সরকার। তবে শুধু গাছ লাগালেই হবে না, কোন এলাকায় কোন ধরনের গাছ উপযোগী, সে বিষয়েও মানুষের ধারণা থাকতে হবে।

তিনি ইউক্যালিপটাসের মতো পরিবেশের জন্য ক্ষতিকর গাছ রোপণ থেকে বিরত থাকার আহ্বান জানান। এর পরিবর্তে দেশীয়, ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষার সব কাজ কেবল আইন প্রয়োগের মাধ্যমে সম্ভব নয়। মানুষের ব্যক্তিগত সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা এবং স্থানীয় উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সাতটি বিভাগে মোট ২১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত সোমবার (৬ জুলাই) বিশ্বের প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট–এর গবেষণা বিভাগ ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ১৭৩টি শহরের বাসযোগ্যতার তালিকা প্রকাশ করে। ওই তালিকায় বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরের মধ্যে ঢাকার অবস্থান তৃতীয় বলে উল্লেখ করা হয়। ২০২৫ সালেও একই অবস্থানে ছিল ঢাকা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top