আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে নির্বাচনকালীন সরকার কী প্রক্রিয়ায় গঠিত হবে এবং কারা এতে অন্তর্ভুক্ত থাকবেন, সে বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বিস্তারিত জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এ কথা বলেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগ বহাল রাখার পর তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর আগে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ পঞ্চদশ সংশোধনীসংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রাখেন। এ রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহালের পথ তৈরি হয়েছে বলে আইনজীবীরা জানিয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, পরবর্তী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কি না—এ বিষয়ে সরকার রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিএনপির দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের ফল।

মন্ত্রী বলেন, ১৯৯১ সালের নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, তার ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা সামনে আসে। পরবর্তীতে সেই ধারণা থেকেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার কাঠামো গড়ে ওঠে।

তিনি আরও বলেন, ১৯৯৬ সালে বিএনপি সংসদে ত্রয়োদশ সংশোধনীর বিল উত্থাপন করে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার সাংগঠনিক রূপরেখা প্রণয়ন করেছিল।

আইনমন্ত্রী বলেন, বিএনপি গত ১৬ থেকে ১৭ বছর ধরে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। দলের আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং মানুষ যেন স্বাধীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে।

তিনি বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠা ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলেই সরকার মনে করে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top