মনির হোসেন, সখিপুর উপজেলা প্রতিনিধি:
দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২৬ সালের এপ্রিল মাসে পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করা হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের উদ্যোগে পরীক্ষাটি পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। নানা প্রতিকূলতা সত্ত্বেও শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রায় তিন মাস পর, গত ৯ জুলাই সকাল ১১টায় বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে বৃত্তি প্রদান করা হয়।
সখিপুর উপজেলায় কিন্ডারগার্টেন পর্যায়ে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১১ জনের মধ্যে অঙ্কুর বিদ্যানিকেতন, কুতুবপুর-এর শিক্ষার্থী নীরব চন্দ্র বর্মণ (রোল: ৩০১৫৯৮৯) ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে। এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১৭ জনের মধ্যে একই প্রতিষ্ঠানের ফাইরোজা ফরিদ রাহা (রোল: ৩০১৫৯৯১) এবং মো. সোলাইমান (রোল: ৩০১৫৯৮৮) সাধারণ গ্রেডে বৃত্তি লাভের কৃতিত্ব অর্জন করেছে।
এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
অঙ্কুর বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এম. তোফায়েল আহমেদ বলেন, “দীর্ঘদিন পর সরকার পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করায় আমরা অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে, ইনশাআল্লাহ।”
একই প্রতিষ্ঠান থেকে তিনজন শিক্ষার্থীর বৃত্তি অর্জনের এই সাফল্যে অঙ্কুর বিদ্যানিকেতন সখিপুর উপজেলার কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম সেরা অবস্থান নিশ্চিত করেছে।