নিজস্ব প্রতিনিধি:
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় নকলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে সরকার। কোনো পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান বা কেন্দ্রপ্রধানের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২৪ জুন) এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের মতো কোনো অনিয়ম ঘটলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রেও জবাবদিহিতা নিশ্চিত করতে বিশেষ নজরদারি থাকবে। পরীক্ষকদের মূল্যায়ন প্রক্রিয়া যাচাই করতে এলোমেলোভাবে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে। কোনো পরীক্ষক দায়িত্বে অবহেলা করলে বা মূল্যায়নে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সভায় শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষা ব্যবস্থার সময়সূচি পুনর্বিন্যাসের অংশ হিসেবে ২০২৭ সাল থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা জানুয়ারি মাসে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, বর্তমান সময়ের চাহিদা ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পরীক্ষাসংক্রান্ত বিদ্যমান আইন সংশোধন করা হয়েছে এবং সংসদে তা অনুমোদিত হয়েছে।
সরকার পরীক্ষার স্বচ্ছতা ও মানোন্নয়নে কোনো ধরনের আপস করবে না বলেও সভায় উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।